আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটার রয়েছে ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১ জন। তার মধ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার এবং ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭ জন মহিলা ভোটার। লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে মোট ভোটার রয়েছে ১২ লক্ষ ৫৭ হাজার ৯৪৪ জন। তার মধ্যে ৬ লক্ষ ৩৭ হাজার ৬৪৯ জন পুরুষ ভোটার এবং ৬ লক্ষ ২০ হাজার ২৯১ জন মহিলা ভোটার। রবিবার এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যায়, রাজ্যে লোকসভার দুটি আসনে মোট ভোটার রয়েছে ২৬ লক্ষ ৫ হাজার ৩২৫ জন। রাজ্যের ১৪-বাধারঘাট নির্বাচনী কেন্দ্রে সব থেকে বেশী ভোটার রয়েছে। ভোটারের সংখ্যা হল ৫৮ হাজার ৭৩ জন। আর সব থেকে কম ভোটার হল ৪৩-করবুক নির্বাচনী কেন্দ্রে। ভোটারের সংখ্যা হল ৩৫ হাজার ৫০৮ জন। জানা যায়, ১৪-বাধারঘাট নির্বাচনী কেন্দ্রে সব থেকে বেশী (৭১টি) পোলিং স্টেশন রয়েছে এবং ১৯-চড়িলাম নির্বাচনী কেন্দ্রে সব থেকে কম (৪৪টি) পোলিং স্টেশন রয়েছে।জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ বছর থেকে ১৯ বছরের মধ্যে মোট নতুন ভোটারের সংখ্যা হলো ৩৯ হাজার ৭৭ জন। তার মধ্যে ২১ হাজার ৭৩১ জন পুরুষ এবং ১৭ হাজার ৩৪৬ জন মহিলা ভোটার। জানা যায়, লোকসভা নির্বাচনে রাজ্যে মোট ৩,৩২৪টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ১,৬৭৯ টি এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ১,৬৪৫টি পোলিং স্টেশন রয়েছে।
