আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ নির্বাচনী প্রচারে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উদয়পুর স্পোর্টস স্কুল মাঠে রাজ্যের দুটি লোকসভা আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করা হয়। এই বিজয় সংকল্প সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিনের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরোধীরা চৌকিদার হটাতে ব্যস্ত আর চৌকিদার ব্যস্ত দেশের উন্নতির কাজে। চৌকিদার আপনাদের উপর সম্পূর্ণভাবে বিশ্বাসী। চৌকিদার আপনাদের আশীর্বাদের কারণেই দেশে বড় বড় সিদ্ধান্ত নিতে পারছে। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য গুলির উন্নতির জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনের আগে যে হীরা মডেলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরায় এক বছরেই তার প্রতিফলন পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা উন্নত হয়েছে, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে, আগরতলা বিমানবন্দরের নামকরণ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে করা হয়েছে, গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাচ্ছে, রান্নার গ্যাসের কানেকশন পাচ্ছে। এদিন সমাবেশ থেকে কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য ত্রিপুরার দুই আসনের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের সমাবেসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ- মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য মন্ত্রীসভার সদস্য, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সহ দলীয় নেতৃত্বরা।
