আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট ৷৷ ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র সর্বভারতীয় সদস্যতা পদ সংগ্রহ অভিযান কমিটির আহ্বায়ক শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার সকালে উদয়পুর মাতাবাড়ীতে গিয়ে মায়ের পূজো দিয়ে পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। উনার সঙ্গে এদিন উদয়পুর মাতাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক বিপ্লব ঘোষ প্রমুখ। এদিন মন্দিরের আকর্ষিত কল্যাণ সাগরে মৎস্য ও কচ্ছপকে খাবারের দানা দেয় উপস্থিত অতিথিরা।
বৃক্ষ রোপণ ও বৃক্ষ সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন এদিন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র সর্বভারতীয় সদস্যতা পদ সংগ্রহ অভিযান কমিটির আহ্বায়ক শিবরাজ সিং চৌহান। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মধ্যপ্রদেশের টানা ১৫ বছরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র শীর্ষ নেতৃত্ব শিবরাজ সিং চৌহান রাজ্যে এসেছেন সংগঠনের কাজ করার জন্য। তার আগে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা করেন তিনি।বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র সর্বভারতীয় সদস্যতা পদ সংগ্রহ অভিযান কমিটির আহ্বায়ক শিবরাজ সিং চৌহান বলেন, এখনো পর্যন্ত ২ কোটি সদস্যতার সংখ্যা ছাড়িয়ে গেছে। এদিনই তা ২ কোটি অতিক্রম করেছে বলে জানান তিনি।
