আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷। নির্বাচনের পূর্বে ভিশন ডুকুমেন্টে দেওয়া রাজ্যের যুবক-যুবতিদের স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি পূরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হল রাজ্য মন্ত্রীসভায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয় নয়া প্রকল্পের। এই প্রকল্পের নাম করন করা হয়েছে মুখ্যমন্ত্রী যুবক যোগাযোগ যোজনা। এইদিন মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ।আইনমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এই প্রকল্প চালু করা হবে। অনলাইনে স্মার্ট ফোনের জন্য আবেদন করতে পারবে রাজ্যে যুবক যুবতিরা। এজন্য খোলা হবে একটি ওয়েবসাইট। তিনি জানান, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রী সহ সকল সরকারী কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে পাঠরত অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রীদের এই যোজনার মাধ্যমে স্মার্ট ফোন প্রদান করা হবে। আইনমন্ত্রী শ্রী নাথ আরও জানান, স্মার্ট ফোনের জন্য রাজ্য সরকার ৫ হাজার টাকা করে প্রদান করবে। ২০২০-২১ অর্থবর্ষে মোট ১৪ হাজার ৬০৮ জনকে এই প্রকল্পে স্মার্ট ফোন প্রদান করা হবে। তার জন্য এক বছরে রাজ্য সরকারের ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে বলে জানান আইন মন্ত্রী রতন লাল নাথ।
