আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০২ অক্টোবর ৷। গত ১১ই সেপ্টেম্বর ২০২০ইং তারিখে সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সংবাদমাধ্যমকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য ও হুমকি প্রদর্শন করেছেন তার বিরুদ্ধে রাজ্যের প্রায় সকল অংশের সাংবাদিকরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন৷ মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ১১ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন৷ ফলে এই ইস্যুতে প্রতিবাদকে সংগঠিত রূপ দিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সত্বাধিকারি, সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা একজোট হয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস (এওজি) নামে একটি পৃথক প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাচ্ছেন৷এওজে’র দাবি- মুখ্যমন্ত্রীকে ওই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে এর জন্য দু:খ প্রকাশ করতে হবে৷ এরজন্য তিনদিনের সময় দেওয়ার পরও মুখ্যমন্ত্রী তার নিজের অবস্থানে অনঢ় থেকেছেন৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গত ১৯শে সেপ্টেম্বর ২০২০ইং তারিখে এওজে’কে রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হতে হয়৷ রাজ্যপালের কাছ থেকে এই মর্মে আশ্বস্থ হওয়ার পরও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ৩০ সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এর কার্যকরি কমিটির বর্ধিত সভায় গৃহিত সিদ্ধান্তক্রমে ২রা অক্টোবর (শুক্রবার) সারা রাজ্যে কর্মরত সাংবাদিকরা একদিনের জন্য কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদে সামিল হয়। এদিন দুপুর ২টায় আগরতলা প্রেস ক্লাবের সামনে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এর ডাকে সাড়া দিয়ে সংবাদমাধ্যমের সত্বাধিকারি, সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা একজোট হয়ে কালো ব্যাজ পরিধান করে সোচ্চার হয়েছেন।
এদিন আগরতলার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা ও মহকুমারস্তরের সাংবাদিকরাও কালো ব্যাজ পরিধান করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কন্ঠ রোধ এবং হুমকির প্রতিবাদ জানিয়েছেন।
