আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী || প্রাচ্য ভারতীয় বিদ্যালয়ের পাঠরত অষ্টম শ্রেণীর ছাত্রী তৃষা ভৌমিক বিদ্যালয় চলাকালীন সময়ে খুব অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও পরিবারের মানুষের চেষ্টায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রী তৃষার খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য ছাত্রনেতাগণ। অসুস্থ ছাত্রী হৃদরোগে আক্রান্ত বলে খোঁজ পাওয়া যায়। কিন্তু এই রোগের চিকিৎসা করানোর মত আর্থিক ক্ষমতা তার পরিবারের নেই। ছাত্রনেতা সম্রাট রায় ছাত্রীর পরিবারের সাথে দেখা করার পর সরকারের কাছে দাবি রেখে বলেন যে, যেহেতু তৃষা বিদ্যালয় চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে এবং তার পরিবারের আর্থিক দুর্বলতা আছে তাই তৃষার চিকিৎসার যাবতীয় দায়িত্বভার সরকার বহন করুক।
