আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী || ১০ই জানুয়ারী (রবিবার) আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে একাংশের ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটা ক্ষুদ্র অংশের চাকুরীচ্যুত শিক্ষকদের দ্বারা নিগৃহীত হয়েছেন হেডলাইনস ত্রিপুরার সাংবাদিক প্রশান্ত দে।
এই ঘটনার পরই সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফে ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। জানা যায়, চিত্রসাংবাদিক প্রশান্ত দে কে কতিপয় শিক্ষক দৈহিক নির্যাতন করে ও বিশ্রীভাবে গালি গালাজ করে। সংবাদ সংগ্রহ করার অধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। পেশায় যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে এধরণের অগণতান্ত্রিক ভূমিকা অনভিপ্রেত।
এই ঘটনার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশন এবং ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি। সোমবার এনিয়ে পশ্চিম থানায় হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় হেডলাইন্স ত্রিপুরা, ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশন এবং ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি।
