দিল্লি, ১২ জানুয়ারী ।। ভারতীয় এক নেতা বাতাসে টাকা উড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি আম আদমি পার্টির একজন নেতা। দিল্লির স্থানীয় এক নির্বাচনে জয়লাভ করার পর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন তিনি। আর এ আনন্দ প্রকাশ করতে তিনি মেতে ওঠেন টাকার খেলায়।
হাজার জনতার ভিড়ে তিনি বাতাসে টাকা ছড়িয়ে দিতে থাকেন। হুলুস্থূল পড়ে যায় ওই এলাকায়। সে এক অভাবনীয় দৃশ্য। এ দৃশ্য মুহূর্তে ক্যামেরাবন্দী করে ফেলেন উপস্থিত ফটোসাংবাদিকরা। তারা নিজেরা বলাবলি করেন, আনন্দ প্রকাশের সত্যিই এটি এক দুর্লভ মুহূর্ত।
দিল্লীর প্রায় ১১,০০০ একরের ওপর অবস্থিত ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর আবাসিক এলাকার তত্ত্বাবধায়ক পরিষদে মনোনিত হওয়ার পর এ ঘটনার জন্ম দেন নন্দকিশোর বেনিওয়াল। এ তত্ত্বাবধায়ক পরিষদে আটজন পারিষদ থাকেন যারা জনস্বাস্থ্য, রাস্তার আলোকসজ্জা ও অন্যান্য নাগরিকসেবার তত্ত্বাবধায়ন করে থাকেন।
আম আদমি পার্টির আরেক নেতা অতসী মারলেনা এ ঘটনার নিন্দা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, তার দল বিষয়টি খতিয়ে দেখবে।
২০১৩ সালের নভেম্বর মাসে অখ্যাত রাজনৈতিক দল হয়েও দিল্লীর মসনদে বসার সুযোগ পেয়ে, পরবর্তীতে যথেষ্ট রাজনৈতিক দূরদর্শীতার অভাবে ২০১৪ এর ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সূত্র : এমটি নিউজ২৪।
