সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ মার্চ || এডিসি নির্বাচনের প্রাক লগ্নে আই পি এফ টি এবং তিপ্রা মথার সংঘর্ষে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পাহাড়। বৃহস্পতিবার আনুমানিক বেলা দুইটা নাগাদ এরকম সংঘর্ষের খবর আসে তেলিয়ামুড়া থানাধীন দুস্কি এলাকার দুর্গা ধন পাড়া থেকে। সংবাদে জানা গেছে, এদিন পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ি আই পি এফ টি দলের এক ঘরোয়া সভা ছিল মান্দাই পুলিনপুর আসনের দুর্গা ধন পাড়াতে। সভা চলাকালীন আচমকা তিপ্রা মথার বেশ কিছু কর্মী সমর্থক সভাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই ঘটনায় মান্দাই পুলিনপুর আসনের বিজেপি আই পি এফ টি জোটের প্রার্থী বলরাম দেববর্মাও মারাত্মক হামলার শিকার হন। এই ঘটনার সংবাদ পেয়ে তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নের্তৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছন। শেষ খবর পাওয়া অবদি গোটা এলাকার রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত।
