আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৩ সেপ্টেম্বর || বাম আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। তবে সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত গোটা রাজ্যে।২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর একবছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও দু’বছর যাবৎ আবার সেই বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ। এ বছরো কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছেন। সোমবার সকাল থেকে টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে রহিমপুর পূর্বপাড়া এলাকায় ১০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়। অবৈধ গাজা চাষ করা বাগানের গোপন খবর কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এর কাছে আসে। ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজেই নেতৃত্ব দিয়ে ২০-৩০ জন পুলিশ ও টিএসআর নিয়ে রহিমপুরের বিশাল গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
জানা যায়, রহিমপুর পূর্ব পাড়ায় এক টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সোমবার রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ। ওসি এই গাঁজা গাছ গুলি প্রথমে দা দিয়ে কেটে গাছগুলি ধ্বংস করে দেয় পুনরায় যাতে আর রুপন না করতে পারে। তবে জানা যায়, এই এই গাঁজা চাষের বাগানগুলো বন দপ্তরের অধীনে। বন দফতরের কর্মীরা তা জানা সত্ত্বেও মোটা অংকের মুনাফার বিনিময়ে গাঁজা চাষ দীর্ঘ কয়েক বছর যাবৎ করা সত্ত্বেও কোন পদক্ষেপ নেন না। কলমচৌড়া থানার পুলিশ জানায়, আগামী দিনে এমন ধরনের অভিযান জারি থাকবে।
