আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || রবিবার উত্তরপ্রদেশের লক্ষীমপুরে খেরিতে আন্দোলরত কৃষকদের গায়ের উপর গাড়ি চালিয়ে পিষে এবং গুলি করে ছয় জন কৃষককে হত্যা করে একদল গুন্ডাবাহিনী। ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে কোনো বিরোধী দলের নেতৃবৃন্দকে ঢুকতে দেয়নি উত্তরপ্রদেশ সরকার। এমনটাই অভিযোগ করেন রাজ্যের সি পি আই নেতৃত্বর। এই ঘটনার প্রতিবাদে সোমবার আগরতলায় সিপিআই সদর বিভাগীয় পরিষদ, সারা ভারত কৃষক সভা, ভারতের জাতীয় মহিলা ফেডারেশন সহ ছাত্র-যুবরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী এবং সিপিআই নেত্রী তুলসী দাস কপালি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই, কৃষক সভা এবং মহিলা ফেডারেশনের কর্মীসমর্থকরা।
