আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || শুধুমাত্র জনতার দ্বারা নয়, জনতাই সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে রাজ্যের নাগরিকদের অধিকার সর্বাগ্রে।
মঙ্গলবার রাজধানীর বাঁকুমারীস্থিত সমর স্মৃতি ভবনে ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষের টিকাদান কর্মসূচি পরিদর্শন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিন থেকে পরিষেবার অভূতপূর্ব মানোন্নয়নের নিদর্শনস্বরূপ আমার ও আমার পরিবারের সম্পূর্ণ চিকিৎসাও জিবি হাসপাতালের চিকিৎসক দ্বারাই হয়ে থাকে। সরকারের সদিচ্ছা ও আহ্বানে সারা দিয়ে, ত্রিপুরা থেকে রাজ্যের বাইরে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগনও রাজ্যমুখী হচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন রোগ প্রাদুর্ভাব থেকে সমস্ত গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষার্থে অত্যাবশ্যকিয় প্রাপ্য টিকাকরণের লক্ষ্যে মিশন ইন্দ্রধনুষ-এর অন্তর্গত রাজ্যেও বিশেষ কর্মসূচি গৃহীত হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো সম্পন্ন হওয়া সফল ওপেন হার্ট সার্জারি সহ কিডনি, নিউরো সহ সমস্ত জটিল রোগের রাজ্যেই উন্নত চিকিৎসার লক্ষ্যে গুচ্ছ উদ্যোগ সফল বাস্তব রূপ পেয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে বলেন যে জিবি হাসপাতালের ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে আর এর দুদিন পরেই সেখানে ওপেন হার্ট সার্জারি হলো। তিনি বলেন, বাম আমলে কোন মন্ত্রীকে দেখিনি জিবি হাসপাতালে ন্যুনতম রক্ত পরীক্ষা করাতে আর এখন আমি সহ আমার পরিবারের সবার কোভিডের চিকিৎসা জিবির চিকিৎসকরা করেছেন। আমার উপর এখন প্রথম অধিকার জনতার। আমার মা বা আমার পরিবারের আগে রাজ্যের জনগণের অধিকার আমার উপর প্রথম বলে এদিন জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
