বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে আনারস পাঠালো মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আনারস পাঠিয়েছেন। বৃহস্পতিবার রাজ্যিক ফল হিসেবে ক্যুইন ও কিউ দুই প্রজাতির ১০০ প্যাকেট আনারস গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন তিনি। এই উপলক্ষে এদিন সকালে রাজধানীর আখাউড়া সুসংহত স্থলবন্দর প্রাঙ্গণে উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষে শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস একটি আনারসের প্যাকেট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক মনীষ সিং এর হাতে তুলে দেন। পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাঠানো রাজ্যিক ফল ক্যুইন ও কিউ দুই প্রজাতির ১০০ প্যাকেট আনারস ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা স্বপন মিত্র, বিএসএফ-এর আধিকারিকগণ, আখাউড়া ইমিগ্রেশনের আধিকারিক আবু বকর, নায়েব সুবেদার কামাল উদ্দীন, আখাউড়া ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ম্যানেজার দেবাশীষ নন্দী প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*