আদর্শ মাতৃত্ব অভিযানের অঙ্গ হিসেবে বিদ্যাসাগর বাজারে সাড়া জাগানো পথনাটিকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিশেষ নির্দেশনায় আদর্শ মাতৃত্ব অভিযান পক্ষ সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার প্রচার করেছেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়কে এই অভিযানের ভেতরে যেমন অগ্রাধিকার দেওয়া হয়েছে ঠিক তেমনি এর পাশাপাশি পরিবার পরিকল্পনা সহ সুস্থ স্বাভাবিক জীবন যাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে সম্ভব ধারণা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীরা ময়দানের ছিলেন। এই আদর্শ মাতৃত্ব অভিযানের বার্তা সমাজের তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে হাতে নেওয়া একগুচ্ছ কর্মসূচির মধ্যে পথনাটক কর্মসূচি বিশেষ সাড়া ফেলেছে বলা চলে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় আদর্শ মাতৃত্ব অভিযানের বার্তা সম্মিলিত পথনাটক পথ চলতি মানুষ সহ সমাজের ব্যাপক অংশে বিপুল সাড়া তৈরি করেছে।
এরকমই এক সাড়া জাগানো পথনাটক অনুষ্ঠিত হয় বুধবার রাজধানী আগরতলার বিদ্যাসাগর বাজারে। এখানে স্থানীয় যোগেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এক নাতিদীর্ঘ পথনাটিকা। এই পথনাটিকার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীরা গর্ভসঞ্চারের বিভিন্ন বিষয়ের সচেতনতার বার্তাগুলো যেমন তুলে ধরার চেষ্টা করেছেন, ঠিক তেমনি গর্ভকালীন সময় থেকে শুরু করে নবজাতকের জন্ম হওয়ার পরবর্তী সময়েও কিভাবে সরকারি পরিষেবার সুযোগ লাভ করা যেতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে এই পথনাটিকার মাধ্যমে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেন। এই পথনাটিকার গোটা বিষয়টা পরিচালনা করেন যোগেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্রের এ এন এম মল্লিকা ভৌমিক। এই পথনাটিকাতে উনি নিজেও অভিনয়ে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
এই বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রীমতি ভৌমিক দাবি করেন মূলত সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এবং গর্ভসঞ্চার থেকে শুরু করে নবজাতকের জন্ম হওয়া পর্যন্ত কি কি ভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্যই এই কর্মসূচি। এর পাশাপাশি এই পথ নাটিকার মাধ্যমে পরিবার পরিকল্পনার বিষয় সাধারণ মানুষকে একটা সম্যক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তাও জানাতে ভুললেন না শ্রীমতি ভৌমিক।
এদিনের এই পথনাটিকা পরিচালনায় যোগেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্রের এএনএম মল্লিকা ভৌমিক ছাড়াও ছিলেন সি এইচ ও অনুরাধা পাল, এম পি ডব্লিও সুমন ধর, ছিলেন আশা ফেসিলেটর স্বপ্না দত্ত প্রমুখরা।
স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত যোগেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই পথনাটিকা এদিন উপস্থিত সকলের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*