আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || অনেক সংবর্ধনার মাঝে সহকর্মী ও সতীর্থদের কাছ থেকে পাওয়া সম্মাননা আমার কাছে বিশাল প্রাপ্তি। রবিবার আগরতলার হোটেল সোনার তরীতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা দ্বারা আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এক কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই সংবর্ধনা জ্ঞাপনে আমি ভীষণভাবে আপ্লুত। রাজ্যবাসীর সেবা করার পাশাপাশি চিকিৎসা ও চিকিৎসকদের স্বার্থে কাজ করার মানসিকতা আমার মধ্যে বহুগুণ বেড়ে গেল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সরকারের লক্ষ্য রয়েছে রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপন করা। পাশাপাশি টিপিএসসি’র মাধ্যমে ৩৫ জন মেডিকেল অফিসার (ডেন্টাল) নিয়োগ করার প্রক্রিয়া চলছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ডেন্টাল চিকিৎসকদের প্রতি আমার আবেদন থাকবে, সেবার মানসিকতা নিয়ে কাজ করুন, সরকার আপনাদের পাশে রয়েছে।
