আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || গোমতী জেলার ৩২-মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে রবিবার গামারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক যোগদান সভায় আয়োজন করা হয়। এই সভায় ১৫০টি পরিবারের ৩৯৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অংশের মানুষের সার্বিক কল্যাণে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসী আগে কখনোই ভাবতে পারেন নি কোনদিন জনজাতি অংশের একজন মহিলা দেশের সর্বোচ্চ সম্মানের আসন রাষ্ট্রপতি পদে আসীন হবেন।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ত্রিপুরার দীর্ঘদিনের ব্রু রিয়াং সমস্যার সমাধান, গড়িয়া পূজায় দুদিনের ছুটি, কোন দাবি দাওয়া ছাড়া সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেললাইন সম্প্রসারণ, সেবাহি সংগঠন ইত্যাদি নীতি ও কাজের উপর আকৃষ্ট হয়ে, সিপিআই(এম) দলের মিথ্যাচারের রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং শুধু কোন একটি আঞ্চলিক দলের দ্বারা রাজ্যের বিকাশ যে সম্ভব নয় – এসকল বিষয় উপলব্ধি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনজাতি অংশের ভোটাররাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন।
