আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || স্বাধীনতার ৭৫’তম বর্ষপূর্তি এবং ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারায় ভারত সরকার “হর ঘর তিরঙ্গা” অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিতে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট, ২০২২ পর্যন্ত দেশের ২০ কোটি বাড়িতে জাতীয় উত্তোলন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রতিটি রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে, সবাই মিলে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে। সুদৃঢ় করে তুলতে আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় চেতনা।
এদিন গোমতী জেলার কাকড়াবন কমিউনিটি হলে ছাত্র-ছাত্রী ও সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আজাদী কা অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাইকে রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ সফল করতে হবে। আসুন আমরা সবাই ২রা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা ব্যবহার করি। মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দেশের জন্য আত্মবলিদান করেছেন এমন স্বাধীনতা সংগ্রামীদের নামে উৎসর্গীকৃত ৭৫টি রেল স্টেশনের পরিচিতি সবার সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের আহ্বানের জন্যই আজ দেশীয় খেলনা বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশী খেলনার আমদানি ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। দেশে মধু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি খেলোয়াড়দের যেভাবে উৎসাহিত করছেন তা দেশবাসীর কাছে একটা অনন্য নজির। মুখ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত বিভিন্ন মেলাকে দেশজুড়ে প্রচারের জন্য যে অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। আসুন সবাই আদরণীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দেশের সনাতন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকে আরো বিস্তৃত করে তুলি।
