সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ আগস্ট || কোন কিছু করার অভিপ্রায় থাকলে এবং এর পাশাপাশি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৃঢ়তা থাকলে যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করেই যে দৃষ্টান্ত স্থাপন করা যায় তার অনন্য নজির স্থাপন করল জেসমি দেববর্মা। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত উত্তর মহারানীপুরে অবস্থিত বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী জেসমি দেবর্বমা এবছর তাক লাগানো ফলাফল করেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক পরীক্ষা মোট ৪৪০ নাম্বার পেয়ে গোটা খোয়াই জেলাতে উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের অধিকারীনি হয়েছে জেসমি।
উল্লেখ্য, জেসমি দেবর্বমা দরিদ্র পরিবারের মেয়ে। দিন বছরের উপর ভিত্তি করেই এই জেসমিদের পরিবার প্রতিপালিত হয়। যেখানে শহরমুখী প্রবনতায় একাধিক গৃহশিক্ষকই ভাল ফলাফলের চাবিকাঠি হিসেবে চিহ্নিত হয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় জেসমির এই ঈর্ষণীয় নিঃসন্দেহে প্রাসঙ্গিক।
আরো জানা গেছে শুধু জেসমি না, গোটা বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফলাফলই এবার ভাল হয়েছে। এবছর বিদ্যালয় থেকে মোট ৫৮ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, এরা সবাই উত্তীর্ণ হয়। ৮০ শতাংশের উপর পেয়েছে ২ জন এবং ৬০ শতাংশের উপরে পেয়েছে ২৩ জন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাশ করে। ৬০ শতাংশের উপর পায় ৩৫ জন, ৫৫ শতাংশের উপর পেয়েছে ১১জন।
জেসমি সহ কল্যাণপুরের বলরাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এবছরের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল গোটা এলাকাতেই ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
