আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || প্রথমবারের মতো টিটিএএডিসি’র সদর কার্যালয় খুমুলুঙে গেলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার বিজেপি’র জনজাতি মোর্চা আয়োজিত জনজাতি জনসভায় অংশ নেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি। জনসভায় বিশাল সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিতি ছিলেন।
এদিন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, সরকারে জনজাতি সমাজ থেকে সবচাইতে বেশি সংখ্যক প্রতিনিধিত্ব করার অধিকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। বর্তমানে কেন্দ্রে আট জন মন্ত্রী এবং ত্রিপুরায় পাঁচজন মন্ত্রী জনজাতি সম্প্রদায় ভুক্ত। তিনি বলেন, দেশে যখনই সংকট এসেছে, তখনই একজোট হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে জনজাতি সমাজ। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমাজকে সম্মান জানিয়ে দেশের সর্বোচ্চ পদে একজন জনজাতি মহিলাকে বসিয়েছেন।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বিজেপি সরকার প্রকৃত অর্থে জনজাতিদের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনজাতিদের বিকাশ আরো এগিয়ে যাবে। এডিসি এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে খুবই আন্তরিক কেন্দ্রীয় ও রাজ্য সরকার। জাতি জনজাতির মধ্যে মৈত্রী বন্ধন আরো সুদৃঢ় হোক বলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
এদিনের জনজাতি জনসভায় বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি’র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক সহ দলীয় জাতি উপজাতি নেতৃত্বরা।
