তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সাইবার দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না অনেক কিছুই। ফেসবুক, টুইটার, ইয়াহু ব্যবহারকারীরা স্বাভাবিক থাকলেও বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন বিষয়ে হতাশ ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সাইবার দুনিয়ার দুর্বৃত্তদের হামলা থামছেই না। সাইবার নিরাপত্তার জন্য এবার ‘থ্রেটএক্সচেঞ্জ’ নামে একজোট হলো ফেসবুক, ইয়াহুর মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সাইবার আক্রমণ ঠেকাতে এই প্রতিষ্ঠানগুলো পারস্পরিক তথ্য বিনিময়ে সহযোগিতা করবে।
বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক প্ল্যাটফর্মের বর্তমান অবকাঠামো ব্যবহার করে থ্রেটএক্সচেঞ্জ তৈরি করা হয়েছে। এই জোটে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার হুমকি, বিপদ সম্পর্কে খোঁজখবর নিতে পারবে এবং তা প্রকাশ করতে পারবে।
ব্যবহারকারীদের জ্ঞাতার্থে বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাইবার হামলা-সংক্রান্ত তথ্য বিনিময় সহজ এবং সেবা নিরাপদ করার জন্য কৌশল হিসাবে থ্রেটএক্সচেঞ্জ গঠন করা হয়েছে।
ফেসবুকের ভাষ্য, নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করার সৌন্দর্য হচ্ছে, আমাদের প্রতিষ্ঠান (ফেসবুক) সুরক্ষিত থাকলে অন্যদের প্রতিষ্ঠানও সুরক্ষিত থাকবে। এ কাজের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে পিন্টারেস্ট, টাম্বলার, টুইটার।
বিটলি ও ড্রপবক্সও এ জোটে যোগ দিবে বলে উল্লেখ করা হয়। ব্যবহারকারীদের উদ্দেশ করে ফেসবুক কতৃপক্ষ জানায়, নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে এবং মানুষের হাতে তথ্য বিনিময় ও সংযোগের আরও উন্নত সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আর এ জন্য পরস্পর সহযোগিতার কোনো বিকল্প নেই।
ফেসবুকে অশালীন ও প্রতিহিংসার মূলক পোষ্ট না দেয়ার জন্যও এর আগে সতর্ক করে ফেসবুক কতৃপক্ষ। ফেসবুক ব্যবহার করে একটা মহল অপরাধ করছেন বলে অভিযোগ তুলেছেন ফেসবুক কতৃপক্ষ।
