আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা বিধানসভা চলো অভিযানে শহরের পথে নামে। এই অভিযান ঘিরে এদিন রণক্ষেত্রের রুপ নেয় রাজধানীর সার্কিট হাউস এলাকা। এদিন আর টি আই নথি নিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল করে সার্কিট হাউস এলাকায় আসতেই পুলিশ ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বিধানসভা চলো অভিযানে বাধা দেয়। এতে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। পরিস্থিতি একসময় রণক্ষেত্রের রুপ নিলে পুলিশ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে জলকামান ছোড়েন। কিন্তু তাতেও পুলিশের নাকা ও বেরিগেড ভেঙে বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তখনই পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ জওয়ানরা চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। এরপর চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানো গ্যাস। এই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিন শিক্ষিকা। শ্বাসকষ্টে রাস্তায় পড়ে ছটফট করতে থাকে তারা। গুরুতর আহত হয় দুই শিক্ষিকা। সাথে সাথে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয় জিবি হাসপাতালে।
