প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সভাপতির উপস্থিতিতে শপথ নিলেন মুখ্যমন্ত্রী সহ ৯ জন মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলো ত্রিপুরাবাসী। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয়বারের মতো ত্ৰিপুরার বিজেপি জোট-০২ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যে দ্বিতীয়বারের মতো
মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডাঃ মানিক সাহা। পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য।
এদিন মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরা মন্ত্রীসভা সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৯ জন। এরা হলেন রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, টিঙ্কু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া। এর মধ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিজেপি’র জোট শরিক আইপিএফটি দল থেকে জয়ী হয়েছিলেন। ১টি আসনেই জয়ী হয়েছিল আইপিএফটি। এদিন মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরা মন্ত্রীসভা বাকি সদস্যদেরও পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল।
এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, নেডা’র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা, বিজেপি’র নির্বাচনী প্রভারী ডঃ মহেশ শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিধায়িকা প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, প্ৰাক্তন উপ-মুখ্যমন্ত্ৰী জিষ্ণু দেববর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব প্রমুখ।
ত্ৰিপুরার বিজেপি জোট-০২ সরকারের ৯ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেলো ৪ জন নতুন মুখ। এরা হলেন বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, টিঙ্কু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া।
অপরদিকে ত্ৰিপুরার পূর্ববর্তী বিজেপি সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ৪ জন মন্ত্রী। এরা হলেন রাম প্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস, মনোজ কান্তি দেব, রামপদ জমাতিয়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*