আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || মঙ্গলবার উদয়পুরে মাতা ত্রিপুরসুন্দরী মন্দিরে এক অলৌকিক ঘটনার সাক্ষী রইলেন মন্দিরে উপস্থিত পুণ্যার্থীরা। প্রায় ২৮ বার চেষ্টার পর মা’এর পূজোর পাঠা বলি সম্পন্ন হয়েছে এদিন। এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় আসার পর রাজ্যের পশুপ্রেমীরা আওয়াজ তুলেছেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি প্রথা বন্ধ হোক। মা হয়তো চাইছেনা বলি হোক, এমনটাই আওয়াজ উঠছে।
এদিন এই ঘটনার পর মন্দিরের পুরোহিত প্রসেনজিত চক্রবর্তী বলেন, প্রতিদিনই মা’এর মন্দিরে বলি হচ্ছে। তবে এদিন একটি পাঠা বলি দেওয়ার সময় বিঘ্ন ঘটেছে। ২৮ বার চেষ্টার পর সম্পন্ন হয়েছে বলি। পুরোহিত বলেন, এই ঘটনায় খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুণ্যার্থী বলি দেওয়ার আগেই পাঠা বলির প্রসাদ গ্রহণের জন্য বাড়ি থেকে কয়েকজনকে নিমন্ত্রণ করে এসেছেন। তাই হয়তো, পাঠা বলি সঠিকভাবে সম্পন্ন হয়নি।
যদিও ইতিপূর্বে সর্বোচ্চ ১৬ বার চেষ্টায় পাঠা বলির নজির রয়েছে। তবে, এদিন সবচেয়ে বেশি বার চেষ্টার পর বলি সম্পন্ন হয়েছে।
