আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হয় “খেলো ত্রিপুরা প্যারা গেমস্ ২০২৩”। শুক্রবার সন্ধ্যায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমস্ এর শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এই উদ্বোধনী পর্বে বিভিন্ন হোমের দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীরা দারুণ সংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। এদিনের কার্য্যক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের হাতে চীফ মিনিস্টারস মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের প্রতিভায় কোন ঘাটতি নেই। রাজ্য সরকার যেভাবে দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে এতে নিশ্চিতভাবে তাঁরা অন্যদের মতই এগিয়ে যেতে পারবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিন এই কার্য্যক্রমে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
