আন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় মহাযুদ্ধের পর ১৯৪৫ সালে জন্ম নেয়া জাতিসংঘের এখন পর্যন্ত পুরুষেরাই নেতৃত্ব দিয়ে আসছে। তাই আগামী ২০১৬ সালে জাতিসংঘের নতুন মহাসচিব যাতে একজন নারী হতে পারে। সেই লক্ষ্যে বিভিন্ন প্রচারণা শুরু করেছে একটি নারী অধিকার সংগঠন।
নারী ও কিশোরীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘ইক্যুয়ালিটি নাও’ বুধবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রচারণা শুরু করেছে।
সংগঠনটি বলছে, ‘জাতিসংঘের মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া বিশ্বব্যাপী লিঙ্গ-সমতার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ করে দিয়েছে। আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই।’
এদিকে জাতিসংঘের কূটনীতিকরা যে সম্ভাব্য যে নারীরা মহাসচিব পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে তাদের মধ্যে রয়েছে, (ছবিতে উপরের বাম থেকে) ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরিচালক ক্রিশ্চিয়ান লাগার্ডে, প্রেসিডেন্ট ডালিয়া গ্রাইবস্কেইট এবং ডেনিশ প্রধানমন্ত্রী হেলেন ট্রংকিন। (ছবিতে নিচের সারি বাম থেকে) ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টিলিনা জিওগিভা, সাবেক নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ও প্রশাসক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হেলেন ক্লার্ক এবং চিলির প্রেসিডেন্ট মিশেল বেকলেট।
উল্লেখ্য, ২০১৬ সালে জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে। তবে জাতিসংঘের নিয়মানুযায়ী আগামী মহাসচিব হবেন পূর্ব ইউরোপের কোনো দেশের নাগরিক।
