আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী || আগরতলা শহরের সৌন্দর্যায়নে এবং শহরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে ছুটে যাচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার রাজধানীর ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৩৮নং, ৪৭নং এবং ৪৮নং ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা এবং ড্রেনের সমস্যাগুলো পরিদর্শন করতে গেলেন মেয়র দীপক মজুমদার। এলাকাবাসীর কথা মাথায় রেখে এদিন সকালে এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে যায় তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, দীর্ঘ ২৫ বৎসর যাবত উন্নয়নে হাত লাগাইনি বামফ্রন্ট সরকার, যার ফলে অল্প বৃষ্টিতে বাড়ি ঘরে জল জমে যায়। তিনি বলেন, আগরতলা শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম, যা সবটাই সম্ভব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে।
এদিন মেয়রের এই পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদারের সাথে উপস্থিত ছিলেন ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রাণী সরকার, জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পরিষদ বাপ্পি দাস, কর্পোরেটর অঞ্জনা দাস, সবিতা কর সহ এলাকার বিশিষ্টজনেরা।
পাশাপাশি এদিন সকালে আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ড অন্তর্গত এম বি টিলা বাজারে ব্যবসায়িকদের জন্য যে দোকান ঘর তৈরি করা হচ্ছে তার কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়।
