আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || রোমান হরফে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ককবরক ভাষার উত্তরপত্র লেখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ঘোষণা দিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের তরফে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান, বহুবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দরজায় কড়া নেড়ে কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার তাদের দাবী পূরণে ১২ই ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং রাস্তা অবরোধ করবে টি এস এফ। তারা জানায়, এই ধর্মঘটে বন্ধ থাকবে জাতীয় সড়ক এবং রেল পথ। ভাষাগত অধিকারের জন্য জনজাতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে এই আন্দোলন সমর্থন করতে হবে বলে এদিন উল্লেখ করে টি এস এফ।
এদিন সাংবাদিক সম্মেলনে তারা জানায়, টি এস এফ’র এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বিয়ের গাড়ি, দুধের গাড়ি, অ্যাম্বুলেন্স, দমকল ইঞ্জিন সহ বিভিন্ন জরুরি পরিষেবার গাড়ি।
