দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ মে ।। উৎকণ্ঠা আর প্রতিক্ষার অবসান হল এডিসি নির্বাচন পর্ব সম্পাদনের মধ্যদিয়ে। এডিসি ভোটের দিন উপরে রোদ যেমন ছিল তেমনি ছিল নিচে ভোটের উত্তাপ। দুপুরের মধ্যেই ভোট দান অনেক জায়গাতেই ৫০% পেরিয়ে যায়। এডিসি ভোটেও মানুষ বজায় রাখলেন ভোট প্রদানের ঐতিহ্য। বিভিন্ন কেন্দ্রে ভোটের লাইনে EVM মেশিনে ভোট দানে আগ্রহ ছিল নবীন প্রবীণ প্রজন্মের মানুষদের মধ্যে। সময়ের আগেই অনেক জায়গায় মানুষ দাঁড়িয়ে পরে ভোটের লাইনে। চামড়ায় ভাজ পরা লাঠি ভর দিয়ে যেখানে পবিত্র কর্তব্য সম্পাদনের জন্যে কেউ এসছেন সেখানেই দেখা গেছে ছোট্ট শিশু কোলে মাও অপেক্ষা করছেন ভোট দানের জন্য। ৩রা মে ভোট উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো এডিসি অঞ্চলকে। পাহাড়ে ভোটের প্রভাব দেখা গেছে সমতলেও, সর্বত্র মানুষ খোঁজ খবর নিয়েছেন ভোটের গতি প্রকৃতির। উৎসবের মেজাজে ভোটের ছন্দপতন হয়েছে মানুষের ভোট বয়কটের সংবাদে। ভোট দান নিয়ে অভিযোগ তোলা হলেও ক্ষমতাসীন দলের পক্ষ্যে নাকচ করে দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ স্বচ্ছ ভোট পর্বের শেষে রায়ের অপেক্ষা করা হচ্ছে। ভোটের দিনে বাম প্রার্থীরা বলেছেন জয় নিয়ে কোনো সংশয় নেই।
