সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জুন || তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকাতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিমল দাস (৩৮) বলে জানা গেছে, পেশায় বিমল একজন শ্রমিক ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবারও বিমল নিজ বাড়ির অনতি দূরবর্তী একটি জলাশয়ে স্নান করতে গিয়েছিল। তারপর কোনোভাবে বিমল জলের তলে তলিয়ে যায় বলে জানা গেছে। এর কিছুক্ষণ পর এলাকার অন্যান্য ব্যক্তিরা একই রকমভাবে স্নান করতে গেলে জলের নিচে বিমলের দেহের হদিস পায় বলে জানা গেছে। এরপর এলাকাবাসীরা সম্মিলিতভাবে জলের নিচে থেকে বিমলকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমলের মৃত্যু কিভাবে হয়েছে এটা নিয়েই চলছে এলাকা জুড়ে গুঞ্জন। অনেকের অনুমান মদমত্ত অবস্থায় স্নান করতে গিয়ে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের পর ঘটনার পেছনে কি রহস্য রয়েছে বা কি কারণ রয়েছে তা সামনে আসতে পারে বলে অনুমান।
