আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ভারত বাংলাদেশ দু’দেশের সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার স্বরূপ সুস্বাদু আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্য রংপুর জেলার প্রসিদ্ধ হাড়িভাঙ্গা ৪০০ কেজি আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন। বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দর দিয়ে এই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে। এদিন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মহম্মদ আল আমিন এই উপহার সামগ্রী গ্রহণ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও উপহার স্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন।
