গন্ডাছড়া অস্থায়ী শিবিরে সরকারী ভাবে আর কোন খাবারদাবার পাঠানো হবে নাঃ মহকুমা শাসক

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৮ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবিরে চলছে ছন্নছাড়া অবস্থা। মিলছে না সঠিকভাবে খাবারদাবার। শিবিরে আশ্রিত শিশুদের মিলছে না শিশু খাবার। নেই পানীয় জলের সুব্যবস্থা। শিবিরে আশ্রিত ছাত্রছাত্রীদের লাটে উঠেছে পড়াশুনা। শিবিরের এই অরাজক পরিস্থিতি এবং পরিবেশের কথা মাথায় রেখে বুধবার শিবিরে আশ্রিত সকল শিবিরবাসীরা সম্মিলিত ভাবে মহকুমা শাসকের অফিসে ধর্ণা দেন।
উক্ত ধর্নায় সাড়া দিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং চারজন প্রতিনিধিকে উনার কক্ষে ডাকেন এবং শিবিরবাসীদের পরিস্থিতি ও পরিবেশ নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। শিবিরবাসীরা জানান, মহকুমা শাসক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে, উক্ত শিবিরে সরকারী ভাবে আর কোন খাবারদাবার পাঠানো হবে না। তাছাড়াও অনতি বিলম্বে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরটি যেন পরিষ্কার করে দেন।
মহকুমা শাসকের বক্তব্য ১২ই জুলাই রাতের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়াও আগামী কিছুদিনের মধ্যেই প্রস্তাবিত জায়গায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প বসানো হবে। বুধবার থেকে মহকুমার কুড়িকার্ড এলাকায় পুরাতন এসপিও ক্যাম্পে একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে বলে জানান এসডিএম চন্দ্রজয় রিয়াং।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*