আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || উত্তর-পূর্ব সাহিত্য রত্ন সন্মান পেলেন ত্রিপুরার দক্ষিণ জেলার কবি অভীক কুমার দে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের পঞ্চানন ভবনে উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকা আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেলনের মঞ্চে ত্রিপুরার জোলাইবাড়ি ব্লকের পশ্চিম চরকবাইয়ের বাসিন্দা কবি অভীক কুমার দে’র হাতে উত্তর-পূর্ব সাহিত্য রত্ন সন্মান তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে এই সাহিত্য সম্মেলনের সূচনা করেন কোচবিহারের পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার কলেজের অধ্যাপক ভগীরথ দাস, জাতীয় খেলোয়াড় বাদল বর্মন, অধ্যাপক অলক সাহা, উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকার সম্পাদিকা শশীবালা বর্মন প্রমুখ।
জানা যায়, আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেলনে ভূটান, নেপাল, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, আসাম ও ত্রিপুরা থেকে বিভিন্ন ভাষার কবি সাহিত্যিকরা অংশ নেন। এই অনুষ্ঠানে অভীক কুমার দে’র এই সন্মান পাওয়ার খবরে খুশি সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা।
