খেলাধুলা ডেস্ক ।। বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ চারবার রানার্স আপ হওয়া অ্যালেক্সি সানচেজের চিলির লক্ষ্য নিজ দেশে কোপার ৪৪তম আসরে চ্যাম্পিয়ন শিরোপা জেতা। সে লক্ষ্যে এরই মধ্যে দারুণ সূচনা করেছে চিলি। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে এবারের কোপা আমেরিকা আয়োজক দেশটি।
সান্তিয়াগোতে ভারতে সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন আর্তুরো ভিদাল ও এদুয়ার্দো ভার্গাস।
ম্যাচের ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চিলি। ভিদালকে ডি-বক্সে ফেলে দেয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। নিজেই পেনাল্টি কিক নিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার।
দুই হলুদ কার্ড দেখে মাতিয়াস ফার্নান্দেসের মাঠ ছাড়তে হলেও বিপদে পড়েনি চিলি, বরং ৮৪তম মিনিটে এদুয়ার্দো ভার্গাসের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ইকুয়েডরের সেরা সুযোগটি পেয়েছিলেন স্ট্রাইকার এনের ভ্যালেন্সিয়া। খুব কাছ থেকে নেয়া তার হেডে বল লাগে ক্রসবারে।
ম্যাচ সেরা হয়েছেন চিলির ভিদাল। ব্রাজিলে গত বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছানো দেশটিকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর এবারের আসরের তৃতীয় ‘ফেভারিট’ ধরা হচ্ছে।
