আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || আগামীকাল রথযাত্রা। বাংলার প্রবাদ— “রথ টানলে দুগ্গা আসে”— যেন ইতিমধ্যেই শহরজুড়ে মাতিয়ে তুলেছে শারদ উৎসবের আগমনী সুর। রথের চাকার গতি সূচিত করছে মা দুর্গার আগমনের বার্তা। সনাতনী হিন্দু সমাজের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য প্রতিটি পরিবার ও পুজো কমিটি ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
এই পুজো আবহেই বনমালীপুর বিধানসভার অন্তর্গত ফ্লাওয়ার্স ক্লাব এ বছর তাঁদের দুর্গাপুজোর জন্য গ্রহণ করেছে এক অভিনব থিম— “তিরুপতিতে মায়ের আগমন”। দক্ষিণ ভারতের তিরুপতির পবিত্র আধ্যাত্মিক পরিবেশে মা দুর্গার আবির্ভাবের এই ভাবনা যেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা বহন করছে। প্যান্ডেল ও মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হবে তিরুপতি মন্দিরের আঙ্গিক ও আধ্যাত্মিকতা।
বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থেকে এই থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, “মা দুর্গা যেন সকলকে আশীর্বাদ করেন, সকলের জীবনে বয়ে আনুন শান্তি, শুভবুদ্ধি ও সমৃদ্ধি। ফ্লাওয়ার্স ক্লাবের এই মহতী উদ্যোগ অবশ্যই সমাদৃত হবে।”
প্রসঙ্গত, ক্লাবের পক্ষে জানানো হয়েছে, এবার পরিবেশ-বান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ নির্মাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোক্তারা আশা করছেন, দর্শনার্থীদের ভিড়ে মুখর হবে বনমালীপুরের রাস্তাঘাট।
