সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ জুন || ধলা
ই জেলার গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরের আনন্দমোহন রোয়াজা দশমমান বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও নানাবিধ সমস্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে প্রধান সড়ক অবরোধে বসে যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাপ্তাহিক হাটবারে এ ধরনের আকস্মিক অবরোধে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।
জানা গেছে, প্রায় ২৮০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত এই বিদ্যালয়ে বর্তমানে মাত্র ৭ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারমধ্যে বিদ্যালয়ের ইনচার্জ দীপক সাহা রাজধানীর ইন্দ্রনগর যুবক শরীফুল হাসানের খুনের ঘটনায় মাস্টারমাইন্ড হিসাবে অভিযুক্ত হয়ে হাজতবাস করছেন। অন্যদিকে সদ্য বিদ্যালয় থেকে বদলি হয়েছেন ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক সঞ্জিত দাস। ফলে শিক্ষক স্বল্পতা চরম আকার ধারণ করেছে। এছাড়া পানীয় জলের অভাব, খেলার মাঠ ও সরঞ্জামের ঘাটতি সহ একাধিক সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিওসি’র তেলের ডিপোর সামনে প্রধান সড়কে পথ অবরোধ শুরু করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সকাল সাড়ে ছ’টা থেকে সড়ক অবরোধের কারণে গন্ডাছড়া সদর বাজারের হাটবারে বিপর্যয় দেখা দেয়। বন্ধ হয়ে যায় তেল বিতরণ সহ যান চলাচল।
সংবাদ পেয়ে অবরোধস্থলে ছুটে যান বিদ্যালয় পরিদর্শক ও আইএস থাইসা মগ। ফোনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। দীর্ঘ দু’ঘণ্টার চেষ্টায় ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা।
বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে। তবে স্থানীয়দের দাবি, কেবল আশ্বাসে নয়, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হোক।
