মুঙ্গিয়াকামিতে ৪৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

গোপাল সিং, খোয়াই, ১৪ জুলাই || ফের গাঁজা উদ্ধারে সাফল্য পেল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। সোমবার মুঙ্গিয়াকামি থানার অধীন অসম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় একটি কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে। যার কালোবাজারি মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মুঙ্গিয়াকামি থানা পরিচালিত ৪১ মাইল নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন এইচআর৩৯ডি০৫২২ নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ গাঁজার গন্ধ পায়। এরপর গাড়ির চালক রাজকুমার রায়কে আটক করে গাড়িটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২৯টি প্যাকেটে মোট ২০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারক পান্নালাল সেন জানান, উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা। প্রাথমিক অনুমান, গাঁজাগুলি রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ অধিকারিক আরও জানিয়েছেন, এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং গাড়ি চালক রাজকুমার রায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*