গোপাল সিং, খোয়াই, ১৯ জুলাই || স্মার্ট মিটার প্রকল্প বাতিল এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে শনিবার খোয়াইতে সিপিআই(এম)’র প্রতিবাদী কর্মসূচি সংগঠিত হয়। সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল মিছিল, জমায়েত, সভা এবং বিক্ষোভ প্রদর্শন। এদিন প্রথমে শহরের সুভাষপার্কে দলীয় অফিসের সামনে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সিপিএম নেতা সুখেন্দু বিকাশ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক এবং মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস। বক্তারা স্মার্ট মিটার প্রকল্পকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। সভা শেষে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ, সুভাষপার্ক বাজার, বিবেকানন্দ সরণী, হাসপাতাল রোড, জননেতা রঞ্জন রায় সেতু, বনকর ও নতুন টাউন হল হয়ে কবিগুরু পার্ক অতিক্রম করে বিদ্যুৎ নিগমের খোয়াই সাব-ডিভিশন অফিসের সামনে পৌঁছায়। সেখানে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেন। এই কর্মসূচির জেরে শহরের যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
