গুরুচরণ মেডিকেল হলে চাঞ্চল্যকর চুরি: সিসিটিভি ফুটেজে শনাক্ত অভিযুক্ত, এখনও গ্রেপ্তার অধরা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২১ জুলাই || রবিবার দুপুরে গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনী এলাকার গুরুচরণ মেডিকেল হলে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় অবশেষে অভিযুক্ত যুবকের পরিচয় জানতে পেরেছে পুলিশ। চুরির পর প্রথমদিকে অভিযুক্ত অধরা থাকলেও, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অক্ষয় ত্রিপুরা। তার বাড়ি ধলাই জেলার রইস্যাবাড়ি মান্যকুমার পাড়ায়। অভিযোগ, রবিবার দুপুরে মেডিকেল হল থেকে প্রায় সত্তর হাজার টাকা চুরি করে চম্পট দেয় সে। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
সিসিটিভি ফুটেজে অভিযুক্তের চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে। সেই সূত্র ধরেই পুলিশ তার নাম-পরিচয় জানতে সক্ষম হয়। তবে, সোমবার সন্ধ্যা পর্যন্তও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গণ্ডাছড়া এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এদিকে, পুলিশ আশ্বাস দিয়েছে যে, তদন্ত জারি রয়েছে এবং খুব শিগগিরই অভিযুক্তকে আটক করা সম্ভব হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*