গন্ডাছড়ায় ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১৩ দফা দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ

সুব্রত দাস, গন্ডাছড়া, ২১ জুলাই || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় তপশিলী জাতির উন্নয়নের দাবিতে সরব হল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির গন্ডাছড়া বিভাগীয় কমিটি। সোমবার একটি গণ-ডেপুটেশনের মাধ্যমে ১৩ দফা দাবিসমূহ সংবলিত স্মারকলিপি মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং-এর হাতে তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সংগঠনের কর্মী-সমর্থকদের একটি বর্ণাঢ্য মিছিল এদিন মহকুমা সদরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গন্ডাছড়া মহকুমা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।
ডেপুটেশন চলাকালীন উভয় পক্ষের মধ্যে দাবিসমূহ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় মহকুমা শাসক প্রতিটি দাবিকেই যৌক্তিক বলে মত প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতির সঙ্গে বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেন।
উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে— সরকারি ঘর বণ্টনের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন, সকল মৎস্যজীবীদের জাল, নৌকা ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম প্রদান, ডুম্বুর জলাশয়ে প্রতি এক কিলোমিটার অন্তর মৎস্যজীবীদের জন্য শেলটার সেড নির্মাণ, সরমা এডিসি ভিলেজ অফিস সংলগ্ন শিশু উদ্যানটি সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা ইত্যাদি।
এদিনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক সুখরঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, সুবোধ মল্লিক, সুখবিলাস চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ডেপুটেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব রতন ভৌমিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*