আন্তর্জাতিক ডেস্ক ।। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশে জোড়া বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার থবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। এ খবর দিয়েছে চীনের সংবাদ সংস্থা শিনহুয়া।
খবরে বলা হয়, প্রদেশের প্রশাসনিক শহর পোতিসকামে সোমবার এই হামলার ঘটনা ঘটে। দুটো হামলাই আত্মাঘাতী বলে ধারণা করা হচ্ছে।
পোতিসকামে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন এক কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বোকো হারাম ঘটনার ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। ছয় বছরের এই লড়াইয়ে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
