গোপাল সিং, খোয়াই, ০১ আগস্ট || রাস্তা নেই, কিন্তু আছে সদিচ্ছা। আধুনিক সুযোগ-সুবিধা নেই, কিন্তু আছে মানুষের প্রতি দায়বদ্ধতা। এই মন্ত্রেই উদ্বুদ্ধ হয়ে খোয়াইয়ের চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একদল স্বাস্থ্যকর্মী পৌঁছে গেলেন জেলার অন্যতম দুর্গম এলাকা শিকারিবাড়ি এবং খাম্প্রাবাড়িতে। তাঁদের লক্ষ্য একটাই—ম্যালেরিয়া বিরোধী মাসে মানুষের দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। চড়াই-উৎরাই পেরিয়ে এক মহতী উদ্যোগ। ৩১শে জুলাই, একদল স্বাস্থ্যকর্মী কাঁধে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটে, জল-জঙ্গল পেরিয়ে পৌঁছে যান ওই জনজাতি গ্রামে। সেখানে আয়োজিত হয় দুটি বিশেষ স্বাস্থ্য শিবির।
ম্যালেরিয়া বিরোধী মাস পালন কর্মসূচির অঙ্গ হিসেবেই খোয়াই জেলার চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকায় দুটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরগুলিতে মোট ৪৪ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। রোগীদের মধ্যে নয়জনের জ্বর, পাঁচজনের তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, চারজনের পেটের সমস্যা, দুইজনের মধুমেহ এবং সাতজন রক্তাল্পতায় আক্রান্ত রোগী ছিলেন। ম্যালেরিয়া প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই শিবিরে মোট ১৪ জনের রক্ত পরীক্ষা করা হয়। স্বস্তির বিষয়, কারোর রক্তেই ম্যালেরিয়ার জীবাণু (প্যারাসাইট) পাওয়া যায়নি। চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ কাজল ঘোষের নেতৃত্বে এই শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী সরোজ দেববর্মা, রাজেশ দেববর্মা, শৈলেন দেববর্মা, অভিজিৎ দেববর্মা এবং মাল্টি টাস্কিং স্টাফ রোলান্ড দেববর্মা ও মুন্না বর্মণ। ডাঃ কাজল ঘোষের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীদের এই দল প্রমাণ করে দিল, সদিচ্ছা থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হতে পারে না। তাঁদের এই নিরলস প্রচেষ্টায় প্রত্যন্ত গ্রামের মানুষরা শুধু স্বাস্থ্য পরিষেবাই পেলেন না, পেলেন ভরসা ও সাহস। এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।
