গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || খোয়াইয়ের সুভাষ পার্ক বাজারকে একটি স্বচ্ছ ও মডেল বাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই সভায় বাজারের মৎস্য, মাংস এবং শুকনো মাছ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। খোয়াই পুর পরিষদের উদ্যোগে এই বৈঠকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, ভাইস-চেয়ারম্যান নিবাস সাহা, পুর পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তথা কাউন্সিলার শঙ্কু পাল, পুর কাউন্সিলর বর্ণালী দেব দাস এবং বিশিষ্ট সমাজসেবক প্রণব বিশ্বাস। এছাড়াও সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল দেব ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন। পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস, খোয়াই পুরবাসীর সহায়তায় আগামী দিনে সুভাষ পার্ক বাজার স্বচ্ছতার নিরিখে একটি মডেল বাজার হিসেবে পরিচিতি পাবে।” বৈঠকে বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা এবং ব্যবসার নিয়ম-নীতি যথাযথভাবে পালন করার উপর জোর দেওয়া হয়। ব্যবসায়ীরাও পুর পরিষদের এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুভাষ পার্ক বাজারের পরিবেশ ও পরিকাঠামোর উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
