আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || THE HOPE-এর ব্যবস্থাপনায় এবং অবলম্বন সামাজিক সংস্থার সক্রিয় সহযোগিতায় আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় বরজলা এলাকার আপনা ঘর বৃদ্ধা আশ্রমে।
এই মেঘা চক্ষু স্ক্রিনিং শিবিরে ছানি পরীক্ষা, অপারেশন এবং ফেকো সার্জারির মতো আধুনিক চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শিবিরটি বিশেষত গরিব ও বয়স্কদের কথা মাথায় রেখে আয়োজিত হয়, যারা সাধারণত ব্যয়বহুল চিকিৎসা নিতে অসমর্থ।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, স্থানীয় কাউন্সিলর জগদীশ দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “সমাজের প্রত্যন্ত অংশে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আরও বাড়ানো উচিত।”
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চক্ষু স্ক্রিনিংয়ের পর উপযুক্ত রোগীদের অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হবে এবং পরবর্তীতে নির্ধারিত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।
উল্লেখ্য, দিনভর শিবিরে প্রায় শতাধিক রোগী চক্ষু পরীক্ষা করান এবং অনেকেই প্রাথমিকভাবে ছানি অপারেশনের জন্য নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
