আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || সৈকত তলাপাত্রকে সোমবার ফের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে পেশ করা হয়। তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আজ তাকে আদালতে হাজির করা হয়।
আদালত চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, “আইনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কেউ যদি মিথ্যা ও মানহানিকর প্রচার চালায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই উচিত।”
সম্প্রতি রাজ্যে বিজেপি ও তিপরা মথা দলের মধ্যে সংঘর্ষের আবহ তৈরি হয়েছে। এই বিষয়েও প্রতিক্রিয়া জানান প্রদ্যুৎ কিশোর। তাঁর দাবি, “যারা জনজাতি সমাজের স্বার্থে কথা বলে, তাদের দমন করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তবে আমরা শান্তিপূর্ণ পথেই রাজনীতি করি এবং মানুষের পাশে থাকবো।”
এছাড়া তিনি জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। “ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে রাজ্য সরকার যে ধরণের বিলম্ব করছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। আমরা খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে মামলা করব,” বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
