আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || দুর্গাপুজোর আর মাত্র দু’মাস বাকি। আগেভাগেই এসে পড়ায় এবার তড়িঘড়ি করে প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্যের ছোট-বড় পুজো কমিটিগুলি। শহরের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা-ও সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের এবারের দুর্গোৎসবের শুভ সূচনা করল।
এবার দেবী দুর্গা দোলায় চড়ে মর্ত্যে আসছেন। শাস্ত্র মতে, দেবীর আগমন যদি দোলায় হয়, তাহলে মর্ত্যে মহামারি বা বড়সড় কোনো দুর্যোগের আশঙ্কা থাকে বলে জনশ্রুতি রয়েছে। তবে মা দুর্গার কাছে রাজ্যবাসীর একান্ত প্রার্থনা, যেন পুজোর পাঁচটা দিন কাটে আনন্দে ও সুস্থতায়— কোনো অশুভ ছায়া যেন না পড়ে।
এবার ঐকতান যুব সংস্থা তাদের প্যান্ডেলে তৈরি করতে চলেছে মায়ানমারের বুদ্ধমন্দিরের অনুকৃতি। মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সঞ্জীব দেবনাথ, এবং প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন নবদ্বীপেরই নাড়ুগোপাল দেবনাথ।
উল্লেখযোগ্য বিষয়, এবছর পুজো কমিটি বাজেটে কোনো বৃদ্ধি করেনি। কারণ হিসেবে জানা গেছে, এবছর ঐকতান যুব সংস্থা ফুটবলে বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উন্নীত হয়েছে। তাই আগামী বছর ফুটবল দলে আরও জোর দেওয়ার পরিকল্পনা থাকায় পুজোর খাতে ব্যয় বাড়ানো হয়নি।
তবে থিমে কোনোরকম খামতি রাখছে না তারা। ‘মায়ানমারের বুদ্ধমন্দির’ থিম রাজ্যবাসীকে কতটা আকৃষ্ট করে, তা সময়ই বলবে। তবে ক্লাব সদস্যদের আশা, এবারও দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হবে তাদের সৃজনশীল আয়োজন।
