গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || খোয়াইয়ের ভারত-বাংলা সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের উপদ্রব যেন থামার নামই নিচ্ছে না। মঙ্গলবার গভীর রাতে পহরমুড়া সীমান্ত এলাকায় হানা দিয়ে এক বাসিন্দার গোয়াল থেকে চারটি উন্নত প্রজাতির গরু চুরি করে নিয়ে যায় একদল বাংলাদেশি চোর। এই ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চোরের দলটি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পহরমুড়া গ্রামের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর তারা একটি বাড়ি থেকে চারটি গরু নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। সকালে গোয়াল খালি দেখে মাথায় হাত পড়ে পরিবারের লোকজনের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খোয়াই থানা এবং নিকটবর্তী সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পে। খবর পেয়েই খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযানে নামেন। তাঁদের দ্রুত তৎপরতায় দুটি গরু উদ্ধার করা সম্ভব হলেও, বাকি দুটি গরু নিয়ে চোরের দল বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
এই ঘটনায় সীমান্তবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের অভিযোগ, বাংলাদেশি চোরদের এই উপদ্রব নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই তাদের গবাদি পশু, চাষের সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি যাচ্ছে। তাঁরা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
