গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক মাঠে অনুষ্ঠিত শচীন্দ্র দেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতল নেতাজি প্লে সেন্টার (এনপিসি)। বুধবার এক জমজমাট ও উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা টিএসআর-এর ৬ষ্ঠ ব্যাটেলিয়নকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। ম্যাচের নায়ক নিঃসন্দেহে মনীশ দেববর্মা, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। এদিন বিকেল সাড়ে তিনটা থেকেই মাঠের চারিদিকে ফুটবলপ্রেমী দর্শকদের ভিড় জমতে শুরু করে। টানটান উত্তেজনার এই ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে রাজীব জমাতিয়ার গোলে এগিয়ে যায় এনপিসি। এরপর দ্বিতীয়ার্ধে মনীশ দেববর্মার দাপটে টিএসআর কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। খেলার ২২ এবং ২৭ মিনিটে পরপর দুটি গোল করে মনীশ দলের জয় নিশ্চিত করেন এবং ব্যবধান ৩-০ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিধায়ক পিণাকী দাসচৌধূরী, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব অমিত রক্ষিত, বিনয় দেববর্মা, অনুকূল চন্দ্র দাস এবং খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
পুরস্কারের খতিয়ান:
চ্যাম্পিয়ন: নেতাজি প্লে সেন্টার (এনপিসি) – ট্রফি সহ নগদ ৫০,০০০ টাকা।
রানার্স-আপ: টিএসআর ৬ষ্ঠ ব্যাটেলিয়ন – ট্রফি সহ নগদ ৩০,০০০ টাকা।
ম্যান অফ দ্য ফাইনাল: মনীশ দেববর্মা (এনপিসি)।
ম্যান অফ দ্য টুর্নামেন্ট: মনীশ দেববর্মা (এনপিসি)।
সেরা গোলরক্ষক: আকাশু দেববর্মা (কল্যাণপুর মণ্ডল)।
ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—দুটি পুরস্কারই জিতে নিয়ে মনীশ দেববর্মা দিনের শেষে সেরার সেরা শিরোপা অর্জন করেন। এই টুর্নামেন্টের সফল আয়োজন খোয়াইয়ের ক্রীড়া জগতে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
