বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ আগস্ট || বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিরবাজার জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অমর মজুমদার (৫৫) নামে এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৮টা ১৫ মিনিট নাগাদ শান্তিরবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় টি আর ০১ এ এক্স ০৩৯৬ নম্বরযুক্ত একটি ইকো গাড়ি সজোরে ধাক্কা মারে ওই ব্যবসায়ীকে। দুর্ঘটনার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।
ঘটনার পরপরই সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক কর্মীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে পাঠান। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনা সম্পর্কে শান্তিরবাজার থানার এসআই সমীর বিশ্বাস জানান, ইকো গাড়িটি আগরতলা থেকে মুহুরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অন্যদিকে, শান্তিরবাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উমাকান্ত আচার্য্য জানান, আহত অমর মজুমদারকে ট্রমা কেয়ার সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ ও রক্তে চিনি (সুগার) মাত্রাতিরিক্ত থাকায় চিকিৎসায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, অবস্থার অবনতি হলে রোগীকে উচ্চতর চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে।
এ ঘটনায় শান্তিরবাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
