পানীয় জল ও বিদ্যুতের দাবিতে গঙ্গানগরে সড়ক অবরোধ

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুলাই || ধলাই জেলার গঙ্গানগরের ১৯ মাইল ও ২২ মাইল জনজাতি অধ্যুষিত দুই গ্রামের বাসিন্দারা শুক্রবার সকাল থেকে আমবাসা–গন্ডাছড়া সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখান। দীর্ঘদিনের পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে এই আন্দোলনে কয়েকশো গ্রামবাসী যোগ দেন।

অবরোধের ফলে আমবাসা থেকে গন্ডাছড়াগামী সমস্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানীয় জলের অভাবে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আর বিদ্যুৎ পরিষেবার দুর্বলতার কারণে বিশেষ করে বর্ষাকালে প্রায়ই সংযোগ বিচ্ছিন্ন হয়, যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে।
খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে এলাকাবাসী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন—সমস্যার দ্রুত সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*