সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ আগস্ট || ‘ত্রিপুরা নিউজ ৮ ভারত’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ফুটেজকে ঘিরে গন্ডাছড়া মহকুমায় তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। ওই ভিডিওতে ৮ নম্বর গঙ্গানগর-গন্ডাছড়ার এমডিসি ভূমিকানন্দ রিয়াং-এর স্ত্রী (ছদ্মনামে সাইমা রিয়াং) এবং তাঁর পিজি ছায়ারাম রিয়াং-কে জড়িয়ে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশেষ করে রিয়াং জনজাতিদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এদিকে, অফিসিয়াল বৈঠকে ব্যস্ত থাকায় সরাসরি প্রতিক্রিয়া জানাতে না পারলেও এমডিসি ভূমিকানন্দ রিয়াং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে শুক্রবার সাইমা ট্যুরিস্ট লজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পিজি ছায়ারাম রিয়াং এবং এমডিসির স্ত্রী সাইমা রিয়াং-এর পরিবারের সদস্যরা প্রকাশিত ভিডিওর তীব্র প্রতিবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক লবাজয় রিয়াং (পিজি ছায়ারাম রিয়াং-এর বড় ভাই), প্রশান্ত রিয়াং ও দীনেশ রিয়াং (এমডিসির স্ত্রীর মামা), সমাজসেবক ধীরেন্দ্র রিয়াং এবং ভানুরাম রিয়াং। বক্তারা একবাক্যে জানান, ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ফুটেজটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং একটি গভীর ষড়যন্ত্রের ফল।
শিক্ষক লবাজয় রিয়াং বলেন, “আমার দুই ভাইবোনের ছবি এডিট করে যেভাবে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর। আমার ভগ্নিপতি তথা গন্ডাছড়ার স্বনামধন্য এমডিসি ভূমিকানন্দ রিয়াং-কে জনসমক্ষে হেয় করার উদ্দেশ্যেই এই কুৎসা রটানো হয়েছে।” তিনি আরো জানান, আগামী দিনে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।
অন্যদিকে, রাজধানীর খুমলুং-এ জরুরি সভায় থাকার কারণে ভূমিকানন্দ রিয়াং সাংবাদিকদের সামনে উপস্থিত হতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, শিগগিরই গন্ডাছড়ায় এসে ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া জানাবেন এবং এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
গোটা ঘটনায় গন্ডাছড়া মহকুমা জুড়ে রিয়াং সমাজের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
